বিষখালী নদীতে বহুল কাঙ্ক্ষিত ‘কচুয়া টু বেতাগী’ ফেরি পয়েন্টে সেতু নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল কচুয়া ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ‘রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সং’-এর আয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো: আতিকুর রহমান রুবেলের সঞ্চালনায় সভায় সওজের দায়িত্বশীল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি ও বরগুনা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর ওপর এই সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘কচুয়া-বেতাগী সেতু বাস্তবায়িত হলে পুরো অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। জনগণের সুবিধার্থে দ্রুততম সময়ে এই প্রকল্প ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহরিয়ার শরীফ খান ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো: হাছিব ভুট্টো আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আশিকুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: জয়নাল আবেদীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। স্বপ্নের এই সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত এলাকাবাসী এমপি মহোদয় ও আয়োজকদের ধন্যবাদ জানান।



