আনোয়ারায় চারটি বসতঘর পুড়ে ছাই

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

Location :

Anwara
আনোয়ারায় হাজিগাঁও গ্রামে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সদস্যরা
আনোয়ারায় হাজিগাঁও গ্রামে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সদস্যরা |নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে চারটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন শারীরিক প্রতিবন্ধী মো: শাহেদ (৪০), তার দুই ভাই নুর আমিন (৪৫), নুর আজিজ (৪০) ও মো: হান্নান।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি গরু পুড়ে মারা যায় এবং বসতঘরের সব মালামাল ভস্মীভূত হয়।

স্থানীয়রা জানায়, সকালে একটি শিশু রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সরু রাস্তার কারণে পানিবাহী একটি গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে অন্য ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত মো: শাহেদ বলেন, ‘হঠাৎ আগুন দেখে আমি হতভম্ব হয়ে যাই। প্রতিবেশীরা আমাকে বের করে আনলেও ঘরের কিছুই বাঁচাতে পারিনি।’

অপর ক্ষতিগ্রস্ত মো: হান্নান বলেন, ‘কৃষিকাজ করছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: আবদুল্লাহ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।