সোনারগাঁওয়ে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
উদ্ধার করা সাউন্ড গ্রেনেড
উদ্ধার করা সাউন্ড গ্রেনেড |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁও পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার রুম থেকে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, নরসিংদীর শিবপুর ইটাখোলা থেকে ছিনতাই হওয়া তেল উদ্ধার করতে এসে এ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এ সময় পুলিশের হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া আজিজুল ইসলামকে গ্রেফতার করা যায়নি। আজিজুল ইসলাম সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে গত ১৬ এপ্রিল একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন বিশ্লেষণ করে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকায় গাড়ির অবস্থান নিশ্চিত হয়। পরে রোববার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল পালিয়ে যান। পরে লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়িতে অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৫ আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া সাতটি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মাহবুব সরকার জানান, আজিজুল হামছাদী এলাকার ছেলে। তিনি একজন ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ জানান, নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁও থানা এলাকায় তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। সাউন্ড গ্রেনেডগুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা শনাক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।