কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় একটি বেসরকারি মাদকসক্তি নিরাময় কেন্দ্র থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) ও রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ জানান, সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে কৌশলে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ভূঁইয়া ‘যত্নের মায়া’ নামে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক এবং আশরাফুল ইসলাম আকাশ একই প্রতিষ্ঠানের কর্মচারী।
অনুসন্ধানে আরো জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি প্রদর্শন করা হতো। এছাড়া সেখানে মাদকাসক্তদের গাদাগাদি করে রাখা, নির্যাতন চালানো এবং অর্থের বিনিময়ে সুস্থ মানুষদের ধরে এনে চিকিৎসার নামে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।



