বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে পরিচালিত হবে। হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা ও অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরবাসী এখন ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।
এদিকে দুপুর ১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে, সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক সংস্কারের কাজ যাতে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।



