সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের স্মরণে বৃক্ষরোপণ

‘সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাই না।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শহীদ সাংবাদিক তুরাবের স্মরণে বৃক্ষরোপণ
শহীদ সাংবাদিক তুরাবের স্মরণে বৃক্ষরোপণ |নয়া দিগন্ত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনকালে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেন, ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদতকে কবুল করেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই। সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাই না।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের বড়ভাই আবুল আহসান মো: আজরফ জাবুর।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চিফ ফয়সাল আমিন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।