মানুষ বুঝতে পেরেছে তাদের হাতে দেশ নিরাপদ নয় : জামায়াত আমির

‘সারা বাংলায় এখন বাঁধভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালীতে নয় সারা বাংলায় জনগণ দেখতে পারছে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীর জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
নোয়াখালীর জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘৫ আগস্টের পর যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন আল্লার কসম দেশ তাদের হাতে নিরাপদ নয়। তারা ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি দেশের মানুষ বুঝতে পেরেছে। তাই সারা বাংলায় এখন বাঁধভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালীতে নয় সারা বাংলায় জনগণ দেখতে পারছে।’

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির আরো বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার আমাদের ১১ জন সিনিয়র নেতাকে ঠান্ডা মাথায় খুন করেছে, আমাদের হাজার হাজার কর্মীকে মিথ্যা মামলা দিয়েছে, গুম করেছে অনেক নেতা-কর্মীকে। আমাদের নিবন্ধন বাতিল ও দলকে নিষিদ্ধ করেছে। আমরা বলেছি, মিথ্যা মামলা বাণিজ্য ও প্রতিশোধ নিবো না। আমরা আমাদের ওয়াদা রক্ষা করেছি। আল্লাহর ওপর আস্থা রেখেছি। মা-বোনেরা বুঝতে পেরেছে তাদের জীবন, ইজ্জত কার কাছে নিরাপদ। এ জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

নোয়াখালী জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয় সংসদের নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আলাউদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী সুলতান মো: জাকারিয়া, নোয়াখালী-৫ জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ, ইসলামী ছাত্রশিবিবের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিছুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক আবু সাইয়েদ সুমন, শিবিরের সাবেক নেতা মাহাফুজুল হক, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।