আগের নির্বাচন সিস্টেম ভুলে যেতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

আমাদের নির্বাচনের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন, তারপরও অনৈতিক কাজ করতে দেবেন না।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
মানিকগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
মানিকগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ‘আগের নির্বাচন সিস্টেম ভুলে যেতে হবে।’

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন, তারপরও অনৈতিক কাজ করতে দেবেন না। জুলাই-২০২৪ না আসলে, আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে।’

তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহায়তা করবেন। সেনাবাহিনী সব সময় আমাদের সাপোর্ট দেবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আপনারা কেন্দ্রের প্রধান। নির্বাচনের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনওসহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে, পরিবেশ সুন্দর রাখতে হবে। আপনারা জানেন, নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও সুরক্ষা অ্যাপ ব্যবহার করবে। কোনো অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে আপনারা সাপোর্ট টিম পেয়ে যাবেন। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, কোনো প্রেসার নেবেন না।’

তিনি আরো বলেন, ‘গণভোট থাকাতে ভোট গণনায় একটু দেরি হতে পারে। তবে আপনাদের সঠিক পরিকল্পনা করে নিলে তিন থেকে চার ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব।’

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো: নাজিম উদ্দিন, বিপিএম, সেনাবাহিনী প্রতিনিধি, মেজর এ এম এস রাফিউল চৌধুরী, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিত গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলামসহ আরো অনেকেই।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩৪ জন এবং পোলিং অ্যাজেন্ট ৬৬৮ জন অংশগ্রহণ করেন।