এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই সনদ আমাদেরই তৈরি, সংস্কারটাও আমাদেরই

‘জুলাই সনদ আমরাই তৈরি করেছি এবং সংস্কারও আমাদেরই অবদান। কারণ বহু বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলেন; দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।’

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে একটি দল বা গোষ্ঠী আছে যারা জনগণকে নানা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে যে, আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ জুলাই সনদ আমরাই তৈরি করেছি এবং সংস্কারও আমাদেরই অবদান। কারণ বহু বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলেন; দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এখন বিভ্রান্তি ছড়ানো সেই দলটির নাম জামায়াত। এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোমতেই তাদের ক্ষমতায় আনতে পারি না।’

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিমানবন্দরটি আমাদের অনেক প্রত্যাশার একটি বিষয়। এটি চালু হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, বিনিয়োগ বাড়বে এবং এলাকার উন্নয়ন হবে। আমি ব্যবসায়ী ভাইদের বলব, আপনারা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখবেন। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, সরকার আপনাদের সাহায্য-সহযোগিতা করবে।’

বিমানবন্দরের পাশাপাশি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙে ভূল্লী ও রুহিয়া নামে নতুন দুটি উপজেলা গঠনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের যেসব কথা দিয়েছিলাম, সেগুলো রক্ষা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এ সময় মির্জা ফখরুলের সাথে বিমানবন্দর পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিস আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘আপনাদের ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে। আমরা এমনভাবে কাজ করতে চাই না যা দুদিন পর বন্ধ হয়ে যায়; আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা যাতে রক্ষা করতে পারি—যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখুন। যত কম সময়ের মধ্যে এটি চালু করা দরকার, সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা: আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পপতি, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।