বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মুখোশধারী একটি ডাকাত দল ঘরের সবাইকে জিম্মি করে প্রায় ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে, সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কালিবাড়ী গ্রামের ডা: মতি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডা: আব্দুল মতি মিয়া অবসরপ্রাপ্ত উপকমিউনিটি মেডিক্যাল অফিসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল ডা: আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। কক্ষে ঢুকেই তারা প্রথমে ডা: মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে হাত-পা বেঁধে ফেলেন। এরপর ডাকাতরা ঘরের আলমারি ভেঙে তছনছ করে ভেতরে থাকা ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, মুখোশ পরা ৮-১০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। তারা আমাদের আলমারি ভেঙে ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো: হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



