মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বাড্ডা হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কাটার উৎসবের উদ্ধোধন করেছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এর আগে, রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপত্বিতে সকল কর্মকর্তাদের নিয়ে উপজেলার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন লুৎফুজ্জামান বাবর।
দুপুরে তিনি হাওর এলাকায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধনের পর কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। পরে বালালী গ্রামের সামনে তলার হাওরে শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধান পরিদর্শন করেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘অতিবৃষ্টির কারণে হাওরে পানি জমে থাকায় কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে, আবার কিছু জায়গায় নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে এ বছর হাওরে ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারে সেজন্য সরকার সব ব্যবস্থা করবে।’
জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ ধরা বন্ধ রাখতে হবে। এ সময় হাওরে পোনা মাছ ছাড়তে হবে। আমি নিজেও পোনা মাছ ছাড়ার উদ্যোগ নেব। এছাড়া পোনা মাছ সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন করা হবে এবং কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার এলাকায় কোনো মাদকের স্থান থাকবে না। এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



