দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেট নগরীর ঐতিহ্যবাহী দ্বীনিপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। এ বছরের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৩৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৩৫ জন। পাসের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন।
গত বছরের তুলনায় এবার পাসের হার সামান্য বেড়েছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। ২০২৫ সালে জামেয়া থেকে ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ২৩৮ জন। পাসের হার ছিল ৮২ দশমিক ০৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৫০ জন।
২০২৬ সালের ফলাফলে উত্তীর্ণ ৩৩৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন, এ পেয়েছে ১৩০ জন, এ- পেয়েছে ৬১ জন, বি- পেয়েছে ৫৫ জন এবং সি পেয়েছে ২৩ জন।
এবারের ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মোট ৬৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৫২ জন এবং সাধারণ বিভাগের ১৪ জন রয়েছে।
এ বছর সাধারণ বিভাগ থেকে ১৯২ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ১৭৮ জন পরীক্ষায় অংশ নেয়।
জামেয়ার ৩ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে ৩০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ২৭০ জন। পাসের হার ছিল ৮৯ দশমিক ৪০ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৫৮ জন।
পরের বছর ২০২৫ সালে পরীক্ষার্থী ও জিপিএ-৫- দুই ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন আসে। ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮ জন উত্তীর্ণ হয়। পাসের হার কমে দাঁড়ায় ৮২ দশমিক ০৭ শতাংশে। জিপিএ-৫ পায় ৫০ জন। তাদের মধ্যে সাধারণ বিভাগের ১১ জন এবং বিজ্ঞান বিভাগের ৩৯ জন ছিল।
চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে। এর মধ্যে ৩৩৫ জন উত্তীর্ণ হওয়ায় পাসের হার বেড়ে হয়েছে ৯০ দশমিক ৫৪ শতাংশ। একইসাথে জিপিএ-৫-এর সংখ্যাও গত বছরের ৫০ থেকে বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।
অর্থাৎ ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে জামেয়ার পাসের হার ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬ জন। এমনকি ২০২৪ সালের তুলনায়ও এবার পাসের হার ও জিপিএ-৫- দুটিই বেশি।
এদিকে ২০২৫ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। সে তুলনায় জামেয়ার ২০২৫ সালের পাসের হারই ছিল প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট বেশি। চলতি বছর প্রতিষ্ঠানটির ৯০ দশমিক ৫৪ শতাংশ পাসের হারও জাতীয় পর্যায়ের ফলাফলের তুলনায় শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
ফলাফল বিশ্লেষণে বলা যায়, ২০২৫ সালে কিছুটা ছন্দপতন হলেও ২০২৬ সালে আবারো ঘুরে দাঁড়িয়েছে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা। বিশেষ করে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফল প্রতিষ্ঠানটির সামগ্রিক সাফল্যকে আরো উজ্জ্বল করেছে।
সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জামেয়ার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, আল্লাহর রহমত, শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় এবং শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ের কারণে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।



