গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, স্থানীয়রা ময়লার স্তুপে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে সাদা টি-শার্ট এবং পড়নে গ্রামীণ চেকের ট্রাউজার ছিল।
পুলিশের ধারণা, দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে অথবা দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটন এবং যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



