চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ব্যাপকভাবে কমেছে। চলতি বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক শূন্য সাত শতাংশ, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
পাসের হারের পাশাপাশি এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩ ৯৮ জন পরীক্ষার্থী, যা গতবার ছিল ১১ হাজার ৮৪৩ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন এবং পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবারের মতো এবারও পাসের হারে ছাত্রীরা ছাত্রদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।
বিভাগভিত্তিক ফলাফল
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলা ও মহানগরভিত্তিক চিত্র
এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ, যা গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।
চট্টগ্রাম জেলা ও মহানগরের বাইরে বোর্ডের অধীন অন্য চার জেলাতেই পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে। কক্সবাজারে পাসের হার ৫৭ দশমিক ৩ শতাংশ, যা গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙ্গামাটিতে পাসের হার ৪১ দশমিক ১৭ শতাংশ, যা গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ। খাগড়াছড়িতে পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছর ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। বান্দরবানে পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, যা গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।
বিদ্যালয়ভিত্তিক ফলাফল
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের অবনমন ঘটেছে। এবার ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর ছিল ৩৩টি। অন্যদিকে, এবার আটটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, যেখানে গত বছর এমন শূন্য পাসের বিদ্যালয় ছিল মাত্র একটি।


