মাগুরার শ্রীপুরে সড়কের ওপর থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোরাননগর এলাকায় লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনো চলন্ত গাড়ির সাথে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান, ‘বৃদ্ধটি আমার ইউনিয়নের বাসিন্দা নয়। তার লাশটি স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি প্রতিবন্ধী বলে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।



