বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।
জানা গেছে, ২০১৬ সালে বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হন সাবেক ওসি আলমগীর হোসেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদি জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল মামলার এজাহারে উল্লেখ করেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া দিয়ে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেয়া হয়। কিন্তু তারপরেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে ফজলুল হক আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ‘আদালতের সমন অনুযায়ী আলমগীর হোসেন হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
ফজলুল হক বলেন, ‘তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজি চালিয়েছেন। আমি এ অন্যায়ের সুষ্ঠ বিচার চাই। যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।’



