ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিহত নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান।

Location :

Netrokona

ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনায় তাদের সাথে থাকা আরো দু'জন আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা ছোছাউড়া গ্রামের মরহুম আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহত নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। এ সময় পাবই শেখপাড়া নামক জায়গায় এলে অপরদিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন মারা যান। একইসাথে অটোরিকশায় থাকা আরো দু’জন আহত হন। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।