লটারি ছাড়াই কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারবেন : খাদ্য প্রতিমন্ত্রী

কৃষকদের সুবিধার্থে চলতি মৌসুমে নির্ধারিত সময়ের আগেই সরকার ধান-চাল সংগ্রহ শুরু করেছে। কৃষকদের সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী
খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী |নয়া দিগন্ত

খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী বলেছেন, ‘এবার বোরোকৃষকদের ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের লটারি ছাড়াই কৃষকরা সরাসরি খাদ্য গোদামে ধান বিক্রি করতে পারবেন। থাকবে না কোনো ধরনের সিন্ডিকেট। কৃষকরা যত ইচ্ছা তত ধান দিতে পারবেন।

রোববার (৩ মে) রাতে নেত্রকোনা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষকদের সুবিধার্থে চলতি মৌসুমে নির্ধারিত সময়ের আগেই সরকার ধান-চাল সংগ্রহ শুরু করেছে। কৃষকদের সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার। প্রয়োজনে সহায়তার মেয়াদ আরো বৃদ্ধি করা হবে।’

খাদ্য অধিদফতর ও খাদ্যমন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাদ্যসচিব আবু তাহের মো: মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের এমপি ডা: মো: আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ আসনের জামায়াত দলীয় এমপি অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার মো: তরিকুর ইসলাম, জেলা পরিষদ প্রশাসক নূরুজ্জামান নূরু, জেলা খাদ্য কর্মকতা মোয়ায়েতাছেমুর রহমান প্রমুখ।