মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল ৩৯০০ লিটার ডিজেল

সকলের উপস্থিতিতে পাম্পের মালিক আব্দুল বারিক ডিজেলের পরিমাপ করলে দেখা যায়, সেখানে প্রায় তিন হাজার নয় শ’ লিটার ডিজেল মজুদ রয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
মেসার্স মদিনা ফিলিং স্টেশন, মহাদেবপুর (নওগাঁ)
মেসার্স মদিনা ফিলিং স্টেশন, মহাদেবপুর (নওগাঁ) |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুরে অবস্থিত মেসার্স মদিনা ফিলিং স্টেশন থেকে তিন হাজার নয় শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অধিক মুনাফার লোভে অবৈধভাবে ওই তেল মজুদ করে রাখা হয়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) রাতে দেখা যায়, কয়েকটি ট্রাক লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এ সময় বনভোজন থেকে ফেরার পথে সাংবাদিকদের একটি বাসের তেল শেষ হওয়ায় বাসটিতে কিছু তেল দেয়ার অনুরোধ জানান স্থানীয় সাংবাদিকরা। তবে, পাম্পে কোনো তেল নেই জানিয়ে পাম্প মালিকের ছেলে আসিফ সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন।

এ সময় দেখা যায়, ওই সময় লাইনে দাঁড়ানো একটি ট্রাকে ১৫ হাজার ২৭৭ টাকার তেল দেয়া হচ্ছে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন দিলে তার নির্দেশে ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাংবাদিকরা পাম্পের মালিকের কাছে তেলের মজুদ সম্পর্কে জানতে চান।

এ সময় সকলের উপস্থিতিতে পাম্পের মালিক আব্দুল বারিক ডিজেলের পরিমাপ করলে দেখা যায়, সেখানে প্রায় তিন হাজার নয় শ’ লিটার ডিজেল মজুদ রয়েছে। অন্যান্য তেল আছে কি-না জানতে চাইলে কোনো রকম পরিমাপ না করেই পাম্পের মালিক আব্দুল বারিক তেল নেই বলে জানান।

স্থানীয়রা অভিযোগ করেন, দুর্নীতির শীর্ষে থাকা এ পাম্পের মালিক তেলা থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে তেল না দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বেশি দামে এসব তেল বিক্রি করে আসছেন।

এতো পরিমাণ তেল মজুদ রেখে পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মাহবুব আলম কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি তদন্তের জন্য ট্যাগ অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।