রাজধানীর সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের এক দম্পতির বিয়ের আংটি বদল হয়েছে হেলিকপ্টারে। পরে নব ওই দম্পতির পরিবার নিয়ে সাভারের আকাশে প্রায় ১০ মিনিট উড়ে হেলিকপ্টারটি। বোনের মেয়ের ইচ্ছে পূরণ করতে এ কাজ করেন প্রবাসী মামা আলী উজ্জ্বল। এদিকে বেদে সম্প্রদায়ের মাঝে এমন ঘটনায় বিস্মিত চাহনিতে হেলিকপ্টারের কাছে ভিড় জমিয়েছেন বেদে সম্প্রদায়সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
রোববার (১৭ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকায় হেলিকপ্টারযোগে তাদের এ আংটি বদল হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, এলাকার পোড়াবাড়ী মহল্লার বেদে সম্প্রদায়ের আইয়ুবের মেয়ে বর্ষা আক্তার ও স্বাধীনের ছেলে সুলতানের মধ্যে আংটি বদল করা হয়। পরে তারা হেলিকপ্টারে করে সেখানে আকাশে উড়েন প্রায় ১০ মিনিট। বোনের মেয়ের ইচ্ছা পূরণ করতে ১ লাখ ২০ হাজার টাকায় হেলিকপ্টারটি ভাড়া করেন স্পেন প্রবাসী আলী উজ্জ্বল।
নব দম্পতিরা জানান, হেলিকপ্টারে আংটি বদল হওয়ায় তারা অনেক আনন্দিত। স্থানীয় বেদে সম্প্রদায়েরাও হেলিকপ্টার দেখে আনন্দিত হয়েছে। জাকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।’
তবে বর ও কনের বিয়ের বয়স এখনও না হওয়ার কারণে তাদের বিবাহ কার্যক্রম পরে সম্পূর্ণ হবে। বর ও কনে উভয়ই বেদে সম্প্রদায়ের।
কনের মামা কাবিরুল নয়া দিগন্তকে জানান, ‘আংটি বদল হলেও তাদের এক বছর পর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার কথা রয়েছে। ছেলের স্বজনদের মধ্যে অনেকে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। বর ও কনে একই বয়সের। বিবাহের পর তারা দু’জন বিদেশে চলে যাবে।’



