পাকুন্দিয়ায় সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দীর্ঘদিন যাবত চরাঞ্চলের মানুষ অবহেলিত ছিল। অথচ চর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রফতানি হয়ে থাকে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনটি ইউনিয়নে ২.৪৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের এই উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলার চরফরাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর চারালবন্দ মুড়ির মিলের সামনে থেকে চরকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটির ৫০০ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে সকাল ১১টায় এগারসিন্দুর ইউনিয়নের বাহদিয়া বঙ্গারবাড়ি হতে হাবিবুল্লাহ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ৯৫০ মিটার রাস্তা এবং সকাল সাড়ে ১১টার দিকে পাটুয়াভাংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাত্তার মেম্বারের বাড়ি পর্যন্ত ১০০০ মিটার রাস্তার উদ্বোধন করেন তিনি।

এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবত চরাঞ্চলের মানুষ অবহেলিত ছিল। অথচ চর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রফতানি হয়ে থাকে। সবজি পরিবহনে স্থানীয় কৃষকদের এবং চরাঞ্চলের অবহেলিত মানুষের কথা চিন্তা করে চরফরাদী ইউনিয়নের একটি রাস্তাসহ এগারসিন্দুর ইউনিয়ন এবং পাটুয়াভাংগা ইউনিয়নের গ্রামীণ তিনিটি সড়কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল রাস্তার উন্নয়ন কাজ করা হবে।’

উপজেলা প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব হল উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও মাদরাসার ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের তালিকা তৈরি করে আমার কাছে পৌঁছানো। সকারের কাছ থেকে জনগণের প্রতিনিধি হিসেবে আমি এগুলো বাস্তবায়ন করব।’