ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের ডা: আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো: মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।
জন্মের পর দেখা যায়, বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দু’টি পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ছয়টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মো: শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘গাভীটি ভোর রাতে দিকে একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানান, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।’
এদিকে, ছয় পা বিশিষ্ট বাছুরের জম্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন গরুর মালিকের বাড়িতে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা: মো: গোলাম মোস্তফা দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দু’টি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।’



