ভাঙ্গার পূর্ব সদরদীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গার পূর্ব সদরদীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪
ভাঙ্গার পূর্ব সদরদীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি পরিবহন ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকাটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও এই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৩০টি প্রাণ ঝরে যায়। এরপরও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের ভাষ্য, ব্যস্ত মহাসড়কের এই অংশে যানবাহনের বেপরোয়া গতি, যত্রতত্র গাড়ি থামানো এবং বাসস্ট্যান্ডকেন্দ্রিক বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

পূর্ব সদরদী বাসস্ট্যান্ড যেন এখন সড়ক দুর্ঘটনার এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে—এমন মন্তব্য করে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।