বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ জন সাংবাদিক। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মাঝে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির এ সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এর আগে ‘সাংবাদিকদের সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তথ্য-প্রমাণের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করতে হবে। সাংবাদিক সমাজ দেশ ও জাতির দর্পণ। তাই দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি।’
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহরাওয়ার্দী হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবীর সজল ও হারুন অর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। শেষে প্রধান অতিথি ২৬ জন সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক তুলে দেন।



