ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

Location :

Phulbari

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) ও একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)।

ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওনা দেন। ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে দিনাজপুরগামী প্লাস্টিকের ঝুড়ি বোঝাই নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের শিকার হন তারা। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় মোটরসাইকেল চালক মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের লাশ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।