শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি ও বিএনপি নেতা

কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি এ ঘটনায় রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি ও বিএনপি নেতা
শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি ও বিএনপি নেতা |নয়া দিগন্ত

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই এমপি, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।

শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

এ সময় এমপি কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি এ ঘটনায় রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন, সরকার আন্তরিক থাকলেও কেউ যেন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য মোশারফ হোসেন কুস্তি, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।