সিলেটে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৮০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১১৭ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ১৬ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুরা, (ইনসেটে) শিশুর চিকিৎসায় ব্যস্ত চিকিৎসকরা
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুরা, (ইনসেটে) শিশুর চিকিৎসায় ব্যস্ত চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জনে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাস বয়সী শিশু তাহমিদা সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় দু’জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৪ জন।

সোমবার (২৯ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৮০ জন শিশু। অন্যদিকে নিহত ৮১ জনের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

হাম ও হাম উপসর্গে মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৫ জন সুনামগঞ্জ জেলার, এরপর ২৯ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ জন ও হবিগঞ্জের ছয়জন।

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৮০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১১৭ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ১৬ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৯০ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন ভর্তি রয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে সাতজন, মাউন্ট এডোরা হাসপাতালে ‍দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে দু’জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট লায়ন্স হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছে।