দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিল্টন দস্তিদার বান্দরবান সদরের পিআইও হিসেবে কর্মরত থাকার আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক।
গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেফতার করে গত ২৩ জুলাই চাঁদপুর জেলা কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে বা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বরখাস্তের আদেশ আসে। সে অনুযায়ী তার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। এদিকে বান্দরবানে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।


