তাহিরপুরে নদীপথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ-পরিবহন ধর্মঘট

বিআইডব্লিউটিএ, টুলট্যাক্স, খাস কালেকশনের নামে চাঁদাবাজি চলছে। এসব ঘাটের নামে নদীগুলোতে চলতি পথে নৌযানগুলো আটক করে ও বাধ্য করে ঘাটে ভিড়িয়ে ইজারাদারের লোকজন ইচ্ছামতো অতিরিক্ত টাকা আদায় করছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
নদীপথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে মানববন্ধন
নদীপথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে মানববন্ধন |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা, রক্তি, পাটলাই ও জামালগঞ্জের সুরমা নদীতে নৌকা আটকিয়ে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান মালিক, শ্রমিক ও নৌ পরিবহন সমিতি।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর কুড়ের পাড় এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়।

এ সময় ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি বন্ধে ও সমাধানের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বার বার লিখিত অভিযোগ, মানববন্ধন ও পরিবহন ধর্মঘট করে প্রতিবাদ জানানোর পরও কোনো সমাধান হচ্ছে না।

তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ, টুলট্যাক্স, খাস কালেকশনের নামে চাঁদাবাজি চলছে। অথচ এসব ঘাটের কোনো অস্তিত্ব নেই। এসব ঘাটের নামে নদীগুলোতে চলতি পথে নৌযানগুলো আটক করে ও বাধ্য করে ঘাটে ভিড়িয়ে ইজারাদারের লোকজন ইচ্ছামতো অতিরিক্ত টাকা আদায় করছে।

ব্যবসায়ী নূর উদ্দিন বলেন, এমপি মহোদয়ের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দায়িত্বশীলরা চাঁদাবাজির লাগাম টেনে না ধরতে পারায় এবং আমাদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে নৌ-পরিবহন ধর্মঘট শুরু করেছি।

ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল মিয়া জানান, জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বালু-পাথর লোড ও আনলোড উভয় ক্ষেত্রেই প্রতি ঘনফুটের বিপরীতে দুই টাকা ৮০ পয়সা করে বিআইডব্লিউটিএ’র নামে টোল নেয়া হচ্ছে। দেশের অন্য কোথাও এ ধরনের টোল আদায়ের নজির নেই।

এছাড়াও যাদুকাটা, পাটলাই ও রক্তি নদীতে চলমান চাঁদাবাজি বন্ধে গত এক মাস ধরে অনেক জায়গায় নেতৃস্থানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও কোনো সুফল পাইনি। তাই বাধ্য হয়ে আবারো নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি আগামী ২৮ জুলাই থেকে।

এই চাঁদাবাজির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক জানান, বিআইডব্লিউটিএ -এর বিষয়ে আমাদের কিছু করার নেই। তবে খাসকালেকশন, টুলট্যাক্স-এর বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে বলে দেয়া হয়েছে নির্ধারিত টাকা আদায় করতে আর সাইনবোর্ড টানিয়ে রাখতে। এরপরও কোনো অভিযোগ উঠলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পাটলাই নদী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে, যাদুকাটা নদী বাদাঘাট ইউনিয়নে, রক্তি নদী বালিজুড়ী ইউনিয়নে ও সুরমা নদী জেলার জামালগঞ্জ উপজেলায় অবস্থিত।