বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবকে ধারণ না করে ভুল পথে পা বাড়াচ্ছে।
সরকারের উদ্দেশে তারা বলেন, আপনারা ভুলে যাবেন না এই দেশে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জুলাই বিপ্লব হয়েছে। আর যদি জুলাই বিপ্লব না ঘটতো তাহলে আপনাদেরকে এখনো লন্ডনে থাকতে হতো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আরেক নায়েবে আমির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী সংবাদের সম্পাদক ডা: নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
এসময় অন্যদের মধ্যে রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ ম সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও রাজশাহী এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবিব অপু উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবকে ধারণ না করে ভুল পথে পা বাড়াচ্ছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভুলে যাবেন না এই দেশে ছাত্র-জনতা যদি জুলাই বিপ্লব না ঘটাতো তাহলে আপনাদেরকে এখনো লন্ডনে থাকতে হতো।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর কোনোদিন যেন বাংলাদেশের মাটিতে এসে ভিত্তিস্থাপন করতে না পারে। আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন ক্ষমতায় দেখতে চাই না। আমাদের জন্য আজ বড়ই প্রয়োজন দেশপ্রেমিক জনশক্তি। আমরা যে পেশাতেই থাকিনা কেন আমাদের দেশপ্রেম থাকতে হবে।’
কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে রমজানের ফজিলতের বর্ণনা করতে দিয়ে তিনি বলেন, ‘যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাসটিই হচ্ছে রমজান মাস। কোরআন নাজিল করা হয়েছে জন্যই রমজানের মর্যাদা এতো বেশি। এজন্য রমজানের যে শিক্ষা সেটি আমাদের নিতে হবে। রমজানের শিক্ষা বাকি ১১টি মাসে বাস্তবায়ন করে একটি পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।’



