বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান রহমাতুল্লাহ। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. খলিলুর রহমানের বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (৩ জুলাই) তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

রহমাতুল্লাহ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো—দেশের যেকোনো দুর্যোগ, সঙ্কট বা বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই নির্দেশনা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং মানুষের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা এবং দুর্যোগের প্রতিটি মুহূর্তে পাশে থাকে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অন্যতম অঙ্গীকার।

তিনি আরো বলেন, একটি পরিবারের একমাত্র আশ্রয়স্থল আগুনে পুড়ে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। এ কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো উচিত। সবার সম্মিলিত সহযোগিতায় পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান রহমাতুল্লাহ। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাঢ়ী, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম চুন্নু, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান, চরমোনাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান পান্নু, ইয়াসিন সিকদার চুন্নু, রফিকুল ইসলাম ঘরামী, ইউনিয়ন বিএনপি নেতা মোসলেম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।