রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা বিভিন্ন দলিল বিনষ্ট (ধ্বংস) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিল গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে মূল দলিল সংগ্রহের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত ৭ জুন উপজেলা সাব-রেজিস্টার রেজাউল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি জেলা রেজিস্ট্রার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেস ক্লাব, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাপরিদর্শক নিবন্ধন, বাংলাদেশ (ঢাকা) এবং জেলা রেজিস্ট্রার, ঠাকুরগাঁওয়ের নির্দেশনা অনুযায়ী রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত সংরক্ষিত থাকা দলিল বিনষ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে যারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করলেও এখনো তাদের মূল দলিল সংগ্রহ করেননি, তাদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে দলিল সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী বিউল কবির জানান, দীর্ঘদিন ধরে অসংখ্য মূল দলিল অফিসে সংরক্ষিত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দলিলের সংখ্যা বাড়তে থাকায় সংরক্ষণে সমস্যা তৈরি হয়েছে। বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় অতিক্রম করা সংরক্ষিত দলিল বিনষ্ট করার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসারেই প্রায় ১০ বছর ধরে সংরক্ষিত দলিলগুলো বিনষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্টার রেজাউল করিম বলেন, “সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সংরক্ষিত দলিল বিনষ্ট করা হবে। দলিল গ্রহীতাদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তাদের মূল দলিল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর অবশিষ্ট সংরক্ষিত দলিল বিধি অনুযায়ী বিনষ্ট করা হবে।”
সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ দলিল হারানোর ঝুঁকি এড়াতে যাদের দলিল এখনো সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত রয়েছে, তাদের দ্রুত অফিসে যোগাযোগ করে দলিল সংগ্রহ করা প্রয়োজন।



