মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় দুর্ধর্ষ চুরি ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। রোববার (২৮ জুন) তাদের আদালতে পাঠায় পুলিশ।
এর আগে, শনিবার (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার দু’জন হলেন— জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুর ছেলে আজিম আরিয়ান।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, আনুমানিক বুধবার (২৪ জুন) থেকে শুক্রবারের (২৬ জুন) মধ্যে কোনো এক সময় উপজেলার ফতেপুর গ্রামে মরহুম পারভেজ চৌধুরীর বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের টিন কেটে ঘরের ভেতরে ঢুকে আনুমানিক ২৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকার স্বর্ণালঙ্কারসহ মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার (২৭ জুন) মরহুম পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী মদন থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দীন করিম বলেন, এই চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারব এবং অভিযুক্তদের গ্রেফতার করতে পারব।



