ঝালকাঠি ব্রিজ থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
মো: নুর হোসেন আকন (২৫)
মো: নুর হোসেন আকন (২৫) |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে ব্রিজ থেকে খালে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো: নুর হোসেন আকন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাটসংলগ্ন বেদুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নুর হোসেন উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাট এলাকার মরহুম আব্দুল হানিফ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে নুর হোসেন বেদুরিয়া ব্রিজের ওপর বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ তিনি ব্রিজ থেকে খালে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

আজ সকাল সাড়ে ৬টার দিকে রাজাপুর ফায়ার সার্ভিস ও বরিশাল নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে সকাল পৌনে ১০টার দিকে বেদুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।