ভাঙ্গায় প্রতিবন্ধীর দোকান দখলের অপচেষ্টা-ভাঙচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে জাহিদ গংরা সঙ্ঘবদ্ধভাবে হতদরিদ্রের দোকান ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়ে মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে মিজানুর ও তার পরিবারকে বেধড়ক মারধর করা হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
একমাত্র আয়ের মাধ্যম দোকান ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
একমাত্র আয়ের মাধ্যম দোকান ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কইডুবি সদরদী গ্রামে প্রতিপক্ষের দ্বারা চার সন্তানের জনক এক প্রতিবন্ধী যুবকের দোকানঘর ভেঙে দখল করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রতিবন্ধী মিজানুর জানান, উপজেলার ৭ নম্বর ওয়ার্ড কইডুবি সদরদী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন সরকারি জায়গায় হতদরিদ্র প্রতিবন্ধী মিজানুর রহমান একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। কিন্ত সম্প্রতি একই গ্রামের সাবেক কাউন্সিলর জাহিদ ফকির, নাহিদ ফকির গংদের ওই জায়গাটির ওপর লোলুপ দৃষ্টি পড়লে মুদি দোকানদার মিজানুর রহমানকে দোকানটি ভেঙ্গে ফেলার জন্য বলা হয়। একপর্যায়ে গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে জাহিদ গংরা সঙ্ঘবদ্ধভাবে হতদরিদ্রের দোকান ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়ে মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে মিজানুর ও তার পরিবারকে বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার প্রতিকার চেয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দিলে একইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, হতদরিদ্র মিজানুর নিজেও একজন প্রতিবন্ধী এবং তার চার সন্তানও প্রতিবন্ধী। তাদের নিয়ে মুদি দোকান পরিচালনা করে মানবেতর জীবনযাপন করে আসছিলেন মিজানুর। হঠাৎ তার উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন হতদরিদ্র প্রতিবন্ধী মিজানুরের স্ত্রী সোনিয়া, বাবা কুদ্দুস মোল্লা, দুই প্রতিবন্ধী ছেলে মোস্তাকিম ইসলাম ও ইসমাইল। এছাড়া উপস্থিত গ্রামবাসীরাও প্রতিবন্ধীর দোকান উচ্ছেদের প্রতিবাদ জানান।

এদিকে এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করার পর ভাঙ্গা থানার এএসআই মো: ডালিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার ব্যাপারে অভিযুক্ত জাহিদ ফকিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।