মন্ত্রীসভায় সিরাজগঞ্জের আপন মামা-ভাগ্নে, জেলাজুড়ে খুশির জোয়ার

‘এই জেলার মানুষের কপাল খুলে গেছে। এই খুশি শুধু বিএনপির না, সবার।’

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত
ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত |সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় একসাথে শপথ নিয়ে চমক দেখালেন সিরাজগঞ্জের মামা-ভাগ্নে ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত। এতে খুশির জোয়ার বইছে গোটা জেলাজুড়ে।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় জেলার সর্বত্র খুশির জোয়ার বইছে।

এই দজুন সম্পর্কে আপন মামা-ভাগ্নে। এ খবরে আনন্দিত হয়ে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

বড় বাজারে ফল ব্যবসায়ী রশিদ বলেন, মন্ত্রীসভায় আমাদের এলাকার মানুষ, এটা অবশ্যই খুশির খবর। আমরা এলাকার উন্নয়ন দেখতে চাই।

আরেক ব্যবসায়ী হাফিজ বলেন, এই জেলায় দুইজন মন্ত্রী পেয়েছি। আমরা খুবই খুশি হয়েছি।

সিরাজগঞ্জ জেলার কাজিপুর আসন ব্যতীত অপর পাঁচটি আসন বিএনপি অধ্যুষিত হিসেবে বেশ পরিচিতি ছিল আগে থেকেই। এরমধ্যে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)-সহ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-১ (কাজিপুর)-ও এবার বিএনপির দখলে।

বিএনপির আসন হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনটি এবার জামায়াতের দখলে চলে এসেছে।

পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদের জামাতা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ভগ্নিপতি এরশাদ আমলের উপ-প্রধানমন্ত্রী ড.এম এ মতিনের ছেলে ডক্টর এম এ মুহিত এবারের নির্বাচনে শাহজাদপুর থেকে বিজয় লাভ করেন বিএনপির ধানের শীষ প্রতীকে। অপরদিকে ডক্টর এম এ মুহিতের আপন মামা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-১ সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন।

১৭ ফেব্রুয়ারি বিকেলে মামাভাগ্নে উভয়েই মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দে মেতে ওঠেন উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী। নিজ নিজ এলাকার দলীয় নেতাকর্মীরা এ খবর শুনে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

কামারখন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল আলিম খান বলেন, এই জেলার মানুষের কপাল খুলে গেছে। এই খুশি শুধু বিএনপির না, সবার।