সাভারে অদম্য-২৪ এর উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদি, পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যা হত্যার বিচারের দাবিতে শহীদি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজার ইয়ামিন চত্বরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে শহীদি মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদম্য -২৪ সাভার উপজেলার আহ্বায়ক তামিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা, সদস্য সচিব সজিব মিয়া, ছাত্র শক্তি সাভার উপজেলার আহ্বায়ক মেহেদী হাসান মুন্না এবং জাতীয় যুব শক্তি ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকার করার চেষ্টা করছেন অথচ এই সংবিধান ১৬ বছর তারেক রহমানকে দেশে ফেরাতে পারেননি, বেগম জিয়াকে কারামুক্ত করতে পারেননি, ইলিয়াস আলীকে গুম থেকে রক্ষা করতে পারেননি। আপনারা সংবিধান নিয়ে মায়া কান্না করলে এই সংবিধানই আপনাদের কবর রচনা করবে।
তারা বলেন, আমরা শহীদ ওসমান হাদির খুনি ও ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরাতে এই সরকারকে বিবৃতি প্রদান ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। সুতরাং আমরা বলতে চাই অবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যা, পিলখানা, শাপলা চত্বর ও জুলাই হত্যার বিচার নিশ্চিত করুন। তা নাহলে রাজপথে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।



