বন্যাদুর্গত এলাকায় রিজভী-হেলাল : আনোয়ারা বিএনপিতে আলোচনায় এমপি নিজামের অনুপস্থিতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুপস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
বন্যাদুর্গত এলাকায় রিজভী-হেলাল : আনোয়ারা বিএনপিতে আলোচনায় এমপি নিজামের অনুপস্থিতি
বন্যাদুর্গত এলাকায় রিজভী-হেলাল : আনোয়ারা বিএনপিতে আলোচনায় এমপি নিজামের অনুপস্থিতি |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুপস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বন্যাকবলিত স্থান পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনসহ তার অনুসারী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে সেখানে দেখা যায়নি। একই সঙ্গে তার ঘনিষ্ঠ নেতাকর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক নেতাকর্মীর ভাষ্য, কেন্দ্রীয় নেতাদের এমন গুরুত্বপূর্ণ সফরে স্থানীয় সংসদ সদস্যের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ এটিকে সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি হিসেবে দেখছেন, আবার কেউ অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের বিষয়টিও সামনে আনছেন।

তবে সরওয়ার জামাল নিজামের অনুপস্থিতির কারণ সম্পর্কে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের নেতারাও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-১৩ আসনে নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমকে ঘিরে যে আলোচনা চলছে, এই ঘটনা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।