জাহাঙ্গীর হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
জাহাঙ্গীর হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
জাহাঙ্গীর হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সদর উপজেলার সুলতানপুর বাসস্টেশনের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারিবারিক বিরোধ নিষ্পত্তির নামে ডাকা সালিশ বৈঠকে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলমকে ডেকে এনে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বাবুসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আদিবুল ইসলাম সৌরভ,সুলতানপুর ওলামা দলের সভাপতি শেখ মনির হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ কামাল, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ সফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, নিহতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একটি তুচ্ছ পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সালিশের নামে ডেকে এনে জাহাঙ্গীর আলমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তারা আরো দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করে আসছিল।

জানা গেছে, এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের মধ্যে ১ নম্বর আসামি মো: নাছির উদ্দিন এবং ৫ নম্বর আসামি মুরশিদ মিয়াকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ জুন সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় পারিবারিক বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আহত হন। পরে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলম (৫০) সুলতানপুর উত্তরপাড়া এলাকার মরহুম মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে শ্রমিক দল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি পদপ্রার্থী ও ৩নম্বর ওয়ার্ড শ্রমিক সভাপতি ছিলেন বলে জানা গেছে।