গাজীপুরের পূবাইলে ব্যাটারিচালিত ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৯ মার্চ) রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভোটমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ -এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি মমতাজ আলী লালমনিরহাটের ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১ ও র্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১ মার্চ সন্ধ্যায় গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি মসজিদের সামনে ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়। পরে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা।
স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম পূবাইল থানায় হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মমতাজতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা নেয়া জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।



