নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদকসেবী নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া (তেলিপুকুর) গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলামকে (২৩) হাতে-নাতে ধরা হয়।
এরপর তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একইসাথে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।



