গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে ৩ ককটেল বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে ৩ ককটেল বিস্ফোরণ
গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে ৩ ককটেল বিস্ফোরণ |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়ও একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়। এ সময় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, উপজেলার বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই স্থানটির পাশেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন বলেন, ‘বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের কাছাকাছি অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, ‘আমরা বিএনপি কার্যালয়ে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত অংশ ও ব্যাটারি পড়ে থাকতে দেখি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ, স্প্লিন্টার ও অন্যান্য আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ হওয়ার কথা ছিল। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশ নেয়ার কথা রয়েছে।