বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা |সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আশিক সাঈদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার বক্তব্যের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে কাঙ্ক্ষিত ছুটি, বেতন-রেশন, ভ্রমণ বিল, মেস, ক্যান্টিন, চিকিৎসাসেবাসহ সর্বক্ষেত্রে বিদ্যমান যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।

এ সময় তিনি প্রো-একটিভ পুলিশিং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনো সদস্যের শৃঙ্খলাপরিপন্থী কোনো কাজ পরিলক্ষিত হলে, বিশেষ করে মাদক, জুয়া বা অনলাইন জুয়ার সাথে কারো কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়াও তিনি সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ বিষয়ে সবাইকে সচেতন থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দফতরের নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।