রাজবাড়ীতে পেঁয়াজখেত নষ্টের পর রাতের আঁধারে কৃষকের পাটখেত বিনষ্ট

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের বাবুল মোল্লার পাটখেত কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ীতে পেঁয়াজখেত নষ্টের পর রাতের আঁধারে কৃষকের পাটখেত বিনষ্ট
রাজবাড়ীতে পেঁয়াজখেত নষ্টের পর রাতের আঁধারে কৃষকের পাটখেত বিনষ্ট |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের বাবুল মোল্লার পাটখেত কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতের আঁধারে ২০ শতাংশ জমির পাট কেটে এই ক্ষতি করা হয়। এতে তার পুরো পাটখেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক বাবুল মোল্লার সাথে এমন শত্রুতার খেলায় মেতে উঠেছে দুর্বৃত্তরা। ইতিপূর্বে তাঁর জমির পেঁয়াজখেত নষ্ট করার পর এবার একই জমিতে থাকা পাটখেত বিনষ্ট করল তারা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।

শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাটগাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো খেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি।

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা বলেন, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটখেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার সকাল ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে।

তার দাবি, গ্রামের কয়েকজনের সাথে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘পাট চাষে আমার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত পেঁয়াজের মৌসুমেও আমার পেঁয়াজখেত বিনষ্ট করে ক্ষতি করা হয়েছিল। অনেক কষ্টে একই জমিতে পাট চাষ করেছিলাম, এবার এই পাটখেতও নষ্ট করল। আমি অপরাধীদের বিচার চাই।’

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সরেজমিনে পাটখেত পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলেছি। সেখানে রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। আসলে ফসলের ক্ষতি করা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’