মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দারুল উলুম ডি-বাগ কওমি মাদরাসা ও এতিমখানার উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট নিউরো সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, মানবিক চিকিৎসক ডা: সুজন শরিফের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ঢালীর রুহের মাগফিরাত কামনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলা মো: নুরুল আমিন সিকদার, আমির, মুন্সীগঞ্জ পৌরসভা আমির মাওলানা এইচ এম বায়েজিদ।
ইকবাল হোসাইন পাঠান, সিনিয়র সহ-সভাপতি, পঞ্চসার ইউনিয়ন বিএনপি। জাহাঙ্গীর হোসেন, সভাপতি, কৃষক দল, মুন্সীগঞ্জ সদর।
মেডিক্যাল ক্যাম্পে ডা: সুজন শরিফ ছাড়াও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: সাখাওয়াত হোসেন এবং মহাখালী ক্যান্সার হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা: তৌহিদা নাজমিন। এছাড়া আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয়দের মাঝেও এই আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



