বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বন্দকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।’
এদিকে নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।



