মেহেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২৯ কার্যদিবসের মধ্যে মো: শাকিল হোসেন (২৪) নামের এক ধর্ষককে ফাঁসির আদেশ দিয়েছে জেলা শিশু সহিংসতা আদালত।
রোববার (২ মে) দুপুর ২টার দিকে জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।
দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২৫ সালের ১৬ই জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তার বাবাকে বাড়ির পাশের মাঠে খাবার দিতে যাচ্ছিল। যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন শিশুটিকে অস্ত্রের ভয় দেখিয়ে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে মেয়েটির বাবা মো: ইসানুল হক গাংনী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ধর্ষককে আটক করে কারাগারে প্রেরণ করে। আদালত ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলায় ১১ জন সাক্ষীর সশরীরে ও ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীগণের সাক্ষ্যতে অপরাধ প্রমাণিত হওয়ায় ধর্ষক শাকিল হোসেনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এ মামলায় আসামি পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের রায়ে ধর্ষিত শিশুর পরিবার খুশি বলে সাংবাদিকদের জানায়। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী মারুফ আহমেদ বিজন উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।



