নবনির্বাচিত এমপির সাথে দেখা করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
দুর্ঘটনায় আহত ব্যক্তি
দুর্ঘটনায় আহত ব্যক্তি |নয়া দিগন্ত

মাদারীপুরে নবনির্বাচিত এমপির সাথে দেখা করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় হাবিব শেখ (৪৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আল-আমিন মোল্লা (৩০) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব সদর উপজেলার ঘটমাঝি এলাকার খালেক শেখের ছেলে এবং আহত আল আমিন একই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকার সালাম মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের গ্রামের বাড়ি ডাসারের খান্দুলী এলাকায় শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন হাবিব শেখ ও আল আমিন মোল্লা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দু’জনই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঘাতক ট্রাক। চালককে শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।