সিসিকের সাবেক প্রশাসকসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ

সিলেট সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোয়ালগাঁও মৌজায় সরকারি ভূমির উপর দোকান নির্মাণ করেন তেলিরাই গ্রামের সোলেমানের ছেলে মনা ও আহাদ। সেই দোকান অপসারণ না করে আসামিরা অবৈধ যোগাযোগ করে রাস্তার পূর্বদিকে মামলার ১ নম্বর সাক্ষী সৈয়দ ইকবাল আলীর ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল করে ড্রেন নির্মাণ করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক) |নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রশাসক ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন-নবীসহ সিসিকের সাত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি ভূমির উপর নির্মিত দোকান উচ্ছেদ না করে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে এই নির্দেশ দিয়েছেন সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত।

বুধবার (১৯ আগস্ট) এই আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ।

দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ১৩(৩)-এর বিধান অনুসারে দণ্ডবিধির ১৬৬/১৬৭/৪০৯/৪২০/১২০ বি/১০৯/৫০৬/৫১১ ধারায় মোট নয়জনকে আসামি করে মামলাটি করেন দক্ষিণ সুরমার নিয়ামতপুর গ্রামের মরহুম সৈয়দ মগফুর আলীর ছেলে সৈয়দ হোসাইন আহমদ।

মামলার বাদী অভিযোগ করেন, সিলেট সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোয়ালগাঁও মৌজায় সরকারি ভূমির উপর দোকান নির্মাণ করেন তেলিরাই গ্রামের সোলেমানের ছেলে মনা ও আহাদ। সেই দোকান অপসারণ না করে আসামিরা অবৈধ যোগাযোগ করে রাস্তার পূর্বদিকে মামলার ১ নম্বর সাক্ষী সৈয়দ ইকবাল আলীর ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল করে ড্রেন নির্মাণ করেন। এতে করে বাদী ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিষয়টি একাধিকবার লিখিত আকারে সিটি করপোরেশনকে জানানো হয়। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ অবৈধ দোকান উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেন নির্মাণ করে।

বাদী মামলায় অভিযোগ করেন, মামলার ৯ নম্বর আসামি সিলেট সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব তাকে হুমকি দিয়ে বলেন, এখানে যেভাবে কাজ চলতেছে সেভাবেই কাজ হবে, কোনো দোকান ভাঙা হবে না। এই বিষয় নিয়ে যদি ভবিষ্যতে আর কোনো কথা বলো, তাহলে যেটুকু জায়গার উপর ড্রেন নির্মাণ করা হয়েছে, তার চেয়ে অধিক জায়গা দখল করে ড্রেন নির্মাণ করা হবে এবং বেশি বুঝলে নিরুদ্দেশ করে ফেলব।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (সিলেট) উপপরিচালক বরাবরে প্রেরণের আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ সিলেট মহানগর মুনসী আব্দুল মজিদ।