বঙ্গোপসাগরে বিরাজমান নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও উত্তাল সাগরের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে গত চার দিনে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ায় আরো অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বশেষ বুধবার (৮ জুলাই) দুপুরে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি পাঁচ জেলের কোনো সন্ধান মেলেনি।
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ফকিরহাটের ‘এফবি মহিমা’ নামে একটি ট্রলার ১৮ জেলেকে নিয়ে ডুবে যায়। পরে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে রোববার (৫ জুলাই) গলাচিপা উপজেলার একটি মাছধরা ট্রলার ১১ জেলেসহ ডুবে গেলে পাঁচজন উদ্ধার হলেও ছয় জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বৈরী আবহাওয়ার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলেদের গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।



